কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গঠন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক তৈরির লক্ষ্য নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা। কওমি, আলিয়া ও ইংলিশ মিডিয়াম শিক্ষাধারার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের জন্য প্রস্তুত করছে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির উদ্যোগে কুরআনের সবক প্রদান, বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ। জামিয়া নুরিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআনের সবক প্রদান করেন শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে. ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শায়েখ আল্লামা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পাশাপাশি অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় অনুশাসন ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদরাসার উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আয়োজকদের পক্ষে আরজগুজার ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল ও নিদাউল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী শহীদুল ইসলাম।
প্রতিষ্ঠানটিতে আরবি, ইংলিশ ভার্সন ও জেনারেল— এই তিন বিভাগে পাঠদান করা হয়। শিক্ষার পরিসরে রয়েছে নূরানী, নাজেরা, হিফজুল কুরআন, হিফজ রিভিশন, মাদানী নেসাবের প্রথম থেকে চতুর্থ বর্ষ এবং প্লে থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান। পাশাপাশি এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পর্যায়ের শিক্ষার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে প্লে থেকে পঞ্চম শ্রেণির মধ্যেই হিফজুল কুরআন সম্পন্ন করার সুযোগ।
শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। বিদেশে উচ্চশিক্ষা, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় দক্ষ হওয়ার উপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্য রয়েছে তাদের। শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস, সার্বক্ষণিক সিসিটিভি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাও রয়েছে।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আয়োজিত প্রতিযোগিতা, হুফ্ফাজ ও বেফাকের প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে একাধিকবার সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে মাদরাসাটি। সফলতার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
মাদরাসার প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী শহীদুল ইসলাম একজন শিক্ষাবিদ ও গবেষক। তিনি বিএ (অনার্স), এমএ (কামিল) ও আইএইউ ডিগ্রিধারী। একই সঙ্গে তিনি নিদাউল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুরআনের হাফেজ ও দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ আলেম তৈরির পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
টিএই/এএস




