এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পেছানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, আগামী ২৩ নভেম্বর এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। এতে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য আবেদনের সময়সীমা বাড়ানো প্রয়োজন।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় বাঁচানোর ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের যেন অযথা সময় নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে।
অনুষ্ঠানে পাটপণ্যের বহুমুখীকরণের ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এটি পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ। পাটের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পাটতন্তু দিয়ে তৈরি পণ্যের বহুমুখীকরণ প্রয়োজন। এ জন্য গবেষকদের আরও বেশি গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ করছে। ক্রমান্বয়ে এ বিনিয়োগ আরও বাড়ানো হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব ক্ষেত্রে গবেষকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কনফারেন্সের চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফাসানি।
এমএইচ/এএম




