শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৫ কেজি মালামাল বহনে সক্ষম ড্রোন নিয়ে তুরস্কে যাচ্ছে চুয়েট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

১৫ কেজি মালামাল বহনে সক্ষম ড্রোন নিয়ে তুরস্কে যাচ্ছে চুয়েট

তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষক দল ‘টিম স্টারাপ্টর’কে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে কাজ করছে দলটি। এ জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছেন চুয়েটের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমাদের মেধার কোনো সীমা নেই। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা যেমন মৎস্যজীবীদের পাশে দাঁড়াই, বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসি, তেমনি দেশের মেধাবী সন্তানদের পাশেও থাকতে চাই। কারণ, তাদের হাতেই দেশের ভবিষ্যৎ।’

টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ড্রোনটি তৈরির কাজ করছেন।

দলটির ভাষ্য অনুযায়ী, ‘দ্য স্টারাপ্টর’ নামের ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এর বিশেষত্ব হলো, এটি হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। একই সঙ্গে আকাশে ওড়ার পর প্রচলিত উড়োজাহাজের মতো সামনের দিকে গতিশীল হতে সক্ষম হবে।

ড্রোনটির পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। এটি সর্বোচ্চ ১৫ কেজি পর্যন্ত মালামাল বহনের উপযোগী করে তৈরির পরিকল্পনা করা হয়েছে। ড্রোনটির সম্ভাব্য উড্ডয়ন গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।

শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতে কৃষিকাজ, চিকিৎসাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পণ্য পরিবহনের মতো বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর