মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের দুই নেতা আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট-সংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তাঁর সহযোগী নির্জন। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান বলে দাবি করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতারা।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট-সংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা তাদের দেখতে পেয়ে আটক করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যেতে সক্ষম হন। পরে অপর দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব জানান, ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে ছিলেন। তাদের কর্মীরা দুজনকে আটক করার পর বিষয়টি জানতে পেরে তিনি, শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব ঘটনাস্থলে পৌঁছান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর