মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

সদরঘাটে লঞ্চে চাঁদাবাজির অভিযোগ, জবি ছাত্রদল নেতাকে শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ এএম

শেয়ার করুন:

সদরঘাটে লঞ্চে চাঁদাবাজির অভিযোগ, জবি ছাত্রদল নেতাকে শোকজ
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদার

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজি, এক ব্যবসায়ীকে অপহরণ, জিম্মি করে মারধরের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন সরদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

সোমবার (৯ নভেম্বর) স্বাক্ষরিত এক নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এদিকে, সুমন সরদারের বিরুদ্ধে এক ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর লালকুঠি ঘাট এলাকা থেকে ২০-২৫ জনের একটি দল ব্যবসায়ী মো. আলাউদ্দিন খন্দকারকে তুলে নিয়ে যায়। পরে তাকে শ্যামবাজারের একটি অফিসে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। ব্যবসায়িক লেনদেনের বিরোধের জেরে তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে ৩ লাখ ৪ হাজার টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া ১৮ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলা বাজারের চৌরঙ্গী হোটেলের সামনে থেকে তাকে আবারও তুলে নেওয়া হয়। এ সময় সুমন সরদার ও ঢাকা মহানগরের ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়াসহ ১০-১৫ জন উপস্থিত ছিলেন বলে দাবি করেন ভুক্তভোগী। তাকে মোটরসাইকেলে তুলে শ্যামবাজারের ওই অফিসে নিয়ে মারধর করা হয় এবং পকেটে থাকা ১ লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। টাকা পরিশোধ করতে না পারলে তার ২ কোটি টাকা মূল্যের লঞ্চ বুঝিয়ে দিতে হবে বলেও চাপ দেওয়া হয়।

এ ঘটনায় গত ৫ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আলাউদ্দিন। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। তিনি দাবি করেন, এসব ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযোগের বিষয়ে দায় অস্বীকার করে জবি ছাত্রদলের নেতা মো. সুমন সরদার বলেন, আমার নামে যা কিছু করা হয়েছে সবই বানোয়াট। আমি তথ্য-প্রমাণ খুঁজছি, সিসিটিভি ফুটেজ কালেক্ট করছি এবং অনেকগুলো পেয়েছি।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর