রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

অবসর-কল্যাণ ভাতার টাকা পাচ্ছেন ১৩ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

অবসর-কল্যাণ ভাতার টাকা পাচ্ছেন ১৩ হাজার শিক্ষক-কর্মচারী
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক

দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার টাকা পাওয়ার অপেক্ষায় থাকা প্রায় ১৩ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীর পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ সুবিধার জন্য আবেদন করা শিক্ষক-কর্মচারীরা এ সিদ্ধান্তের আওতায় থাকবেন।

একই সঙ্গে হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পরিশোধের সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে জমে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে আবেদন করেও প্রাপ্য অর্থ না পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এ সময় বিশেষ বিবেচনায় হজে যেতে ইচ্ছুক এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি। পাশাপাশি প্রয়োজনীয় অর্থ পাওয়া সাপেক্ষে অন্য অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ সুবিধার টাকা দেওয়ার কথা বলা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা পরিশোধের দীর্ঘসূত্রতা কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে যারা এসব সুবিধার জন্য আবেদন করেছেন, তাদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিন ধরে অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর