শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য নতুন করে ফরম পূরণ করতে হবে শিক্ষার্থীদের। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার তারিখ ও ফরম পূরণের সময়সূচিসহ বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নির্দেশনা প্রকাশের পরই শুরু হবে ফরম পূরণের কার্যক্রম।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখসহ একটি গাইডলাইন প্রকাশ করা হবে। এরপর পুনরায় পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। ওই গাইডলাইনে ফরম পূরণের সময়সূচি ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে ঠিক কোন তারিখ থেকে ফরম পূরণ শুরু হবে এবং কত দিন চলবে, তা এখনও জানানো হয়নি। শিক্ষা বোর্ডগুলোর আনুষ্ঠানিক নির্দেশনায় এসব তথ্য প্রকাশ করা হবে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

এবারের ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রদের ৪৭ দশমিক ৭৫ শতাংশ। বিপরীতে ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার ৫২ দশমিক ২৫ শতাংশ এবং ছাত্রীদের ৪৩ দশমিক ৬৯ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

অন্যদিকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৬১ দশমিক ৮০ শতাংশ। আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

এমন পরিস্থিতিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন সময়সূচি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নির্দেশনা প্রকাশের পর শিক্ষার্থীরা জানতে পারবেন কবে থেকে ফরম পূরণ করতে হবে এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর