শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইসলামি আইন বাস্তবায়নে চাই গভীর অধ্যয়ন: ব্যারিস্টার নাজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

ইসলামি আইন বাস্তবায়নে চাই গভীর অধ্যয়ন: ব্যারিস্টার নাজিবুর রহমান
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেমিনারে সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইমপ্লিমেন্টেশন অব ইসলামিক ল’স ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রিপারেশনস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এমআইইউ ল ক্লাবের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন বলেন, বিচ্ছিন্নভাবে কিছু আইন প্রণয়নের মাধ্যমে বর্তমান বাস্তবতায় ইসলামি আইনের সুফল পাওয়া সম্ভব নয়। বাংলাদেশে ইসলামি আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে হলে প্রচলিত আইনব্যবস্থা এবং ইসলামি আইনের মৌলিক ধারণা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জনের জন্য গভীর অধ্যয়ন প্রয়োজন।

তিনি বলেন, ইসলামি অর্থনীতির অন্যতম লক্ষ্য হলো দারিদ্র্য দূর করা, ধনী-দরিগ্রের ব্যবধান কমানো এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। তাই ইসলামি ব্যাংকিংয়ের কার্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় এসব মৌলিক লক্ষ্য কতটা অর্জিত হচ্ছে, তা পর্যালোচনা করা প্রয়োজন।

মানারাতের ‘ইমপ্লিমেন্টেশন অব ইসলামিক ল’স ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রিপারেশনস’ শীর্ষক সেমিনারে সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন।
মানারাতের ‘ইমপ্লিমেন্টেশন অব ইসলামিক ল’স ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রিপারেশনস’ শীর্ষক সেমিনারে সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে দেশের আইন ও শাসনব্যবস্থা পরিচালনার আকাঙ্ক্ষা রয়েছে। এ বিষয়ে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ইসলামি আইন বাস্তবায়নের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া জরুরি।

আইন বিভাগের শিক্ষার্থীদের ইসলামি আইন বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন বিচারিক সিদ্ধান্ত, গবেষণা ও গুরুত্বপূর্ণ গ্রন্থ অধ্যয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গেস্ট অব অনারের বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও দর্শন সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার্থীদের পবিত্র কোরআন বেশি বেশি অধ্যয়ন করতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন শুধু মুসলমানদের জন্য নয়; বরং সমগ্র মানবতার কল্যাণ, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব মানুষের মঙ্গলের জন্য দিকনির্দেশনা প্রদান করে।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম বলেন, ইসলামের পূর্ণাঙ্গ বিধান বাস্তবায়ন ও পালনের জন্য ইসলামি সরকারের বিকল্প নেই। তার মতে, ইসলামি শাসন, বিচার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন ধর্মনিরপেক্ষ সরকারের মাধ্যমে সম্ভব নয়।

ইসলামি আইন প্রতিষ্ঠার আন্দোলনকে নবী-রাসুলদের ধারাবাহিক মিশনের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ পথে চূড়ান্ত ফল অর্জনের পাশাপাশি লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোও গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, ইসলামি আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সমসাময়িক বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইসলামি বিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরার সক্ষমতা অর্জন জরুরি। এ জন্য জনসমর্থন ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। 

সেমিনারে অন্যদের মাঝে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস.এম তাসমিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর