মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ইবতেদায়ি শিক্ষক ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসার এমপিও নীতিমালায় আগে নিয়োগপ্রাপ্ত ইবতেদায়ি মৌলভী, ইবতেদায়ি শিক্ষক ও ইবতেদায়ি ক্বারীদের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু প্রশাসনিক জটিলতা ও প্রয়োজনীয় সুযোগের অভাবে তারা এ গ্রেডে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না।
বক্তারা আরও বলেন, এর ফলে হাজার হাজার শিক্ষক তাদের ন্যায্য আর্থিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে তারা গ্রেডবৈষম্যের শিকার হচ্ছেন। নীতিমালা প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আবেদনের সুযোগ না পাওয়া অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক।
শিক্ষকরা বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ১৩তম গ্রেডে আবেদনের ক্ষেত্রে বিদ্যমান সব জটিলতা দ্রুত নিরসনের দাবি জানান তারা।
তারা আরও বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা দুটি প্রধান দাবি তুলে ধরেন। প্রথমত, মেমিস সফটওয়্যারে যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডের জন্য আবেদন করার সুযোগ অবিলম্বে চালু করতে হবে। দ্বিতীয়ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদেরও মিড ডে মিল, উপবৃত্তি ও পোশাকসহ সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
এম/এসআই




