পবিত্র কোরআনের স্পর্শে শিশুদের চিন্তা ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসউদুল কাদির।
সোমবার (৫ অক্টোবর) সকালে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত কোরআনের সবক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাসউদুল কাদির বলেন, ‘বাসায় আমরা বাচ্চাকে ডিভাইসমুখী করে রাখি। স্কুলে কোরআনের স্পর্শে প্রিয় শিক্ষার্থীদের রঙ বদল হচ্ছে। যে ডিভাইস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, স্কুলে এসে সে ডিভাইস ধরবে না বলে অঙ্গীকার করছে। বাসার পরিবেশ যদি দীনিবান্ধব করতে পারি, তবেই শিশুদের পৃথিবী নির্মাণে আমরা এগিয়ে যেতে পারব।’
তিনি বলেন, কোরআনের সবক নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যয় গ্রহণ করব—কিছুতেই অন্যায় পথে চলব না।

নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে দেশের পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, খুন-ধর্ষণ, গুম ও হত্যার নৃশংস ঘটনার সাক্ষী আমরা। যে দেশে একজন শিশু নিরাপদ নয়, সেটি কোনোভাবেই নিরাপদ দেশ হতে পারে না। যার কাছে শিশু নিরাপদ নয়, সে আলেমের লেবাস পরলেও প্রকৃত অর্থে মানুষ হতে পারেনি।
তিনি খুন, ধর্ষণ ও বলাৎকারের মতো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম, হাফেজ শহীদুল ইসলাম ইউসুফ প্রমুখ।
জেবি




