দেশের বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে নতুন কমিটি করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা, ২০২৫-এ দেওয়া ক্ষমতাবলে বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে সেই কমিটি গঠন করতে হবে।
তবে এ বিষয়ে বোর্ড থেকে গত ২ আগস্ট দেওয়া চিঠির নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও নতুন চিঠিতে জানানো হয়েছে।
সংশোধিত প্রবিধান অনুযায়ী, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে তিনজনের একটি তালিকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করা যাবে।
এ ক্ষেত্রে মাদ্রাসাপ্রধানকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজনের তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
তবে সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে প্রক্রিয়াটি আলাদা হবে। এসব মাদ্রাসার প্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে সভাপতি মনোনয়নের প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫ সংশোধন করে এ বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত প্রবিধানে সভাপতি মনোনয়নের প্রক্রিয়ায় এ ব্যবস্থা রাখা হয়েছে।
এমএইচ/এআরএম




