সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেকারদের জন্য ছয়মাস মেয়াদি ভাষা কোর্স চালুর প্রস্তাব ইউজিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

বেকারদের জন্য ছয়মাস মেয়াদি ভাষা কোর্স চালুর প্রস্তাব ইউজিসির
ছবি: সংগৃহীত

দেশের নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক মতবিনিময় সভায়।  একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অন্তত একটি তৃতীয় ভাষা ক্রেডিট কোর্স হিসেবে চালু এবং বেকারদের জন্য ছয় মাস মেয়াদি ভাষা কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তৃতীয় ভাষা শিক্ষা চালুর বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মতবিনিময় সভায় এসব প্রস্তাব উঠে আসে।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন। বাকি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের সভা করবে ইউজিসি।

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্য রয়েছে ইউজিসির। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষাকেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, কোন অঞ্চলে কোন ভাষার চাহিদা বেশি এবং কী ধরনের কোর্স চালু করা হবে, এসব বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপনে তাদের বর্তমান সক্ষমতা ও প্রয়োজনীয় জনবলের তথ্য দ্রুত ইউজিসিকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তার তথ্যও দিতে বলা হয়েছে।

তবে সব বিশ্ববিদ্যালয়ে একই ভাষা শেখানোর প্রয়োজন নেই বলে সভায় মত দেওয়া হয়। কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু হবে, তা নির্ধারণে ওই অঞ্চলের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য যাচাই করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচনের কথা বলা হয়েছে।

ভাষা শিক্ষাকে শুধু নন-ক্রেডিট কোর্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন বিভাগে অন্তত একটি তৃতীয় ভাষা ক্রেডিট কোর্স হিসেবে চালুর প্রস্তাবও এসেছে। পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকারদের জন্য ছয় মাসের ভাষা কোর্স চালু এবং দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ভাষাশিক্ষক তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, তৃতীয় ভাষা শিক্ষা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের একটি। দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতাও বাড়াতে হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও তৃতীয় ভাষা শিক্ষার বিষয়টি রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার মান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও শিল্পপ্রতিষ্ঠানে কোর্স করার সুযোগ, পাঠ্যক্রম তৈরিতে শিল্পখাতের অংশগ্রহণ, যৌথ গবেষণা এবং গবেষণার ফল বাণিজ্যিকভাবে কাজে লাগাতে তহবিল গঠনের প্রস্তাব এসেছে। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, সাইবার সিকিউরিটি ও ডেটা সায়েন্সের মতো বিষয়ে নতুন বিভাগ বা শিক্ষা কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশকে উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস খোলার পরিকল্পনার কথা জানান অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন। বিদেশি শিক্ষার্থীদের দেশের উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে ‘স্টাডি ইন বাংলাদেশ’ নামে একটি পোর্টাল চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিকভাবে ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে এ পোর্টালে আন্তর্জাতিক সহযোগিতা, আবাসন, বৃত্তি ও ইন্টারন্যাশনাল অফিসের তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এমএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর