দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি শনিবার ডেঙ্গু মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের ছবি, সংক্ষিপ্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণও সংরক্ষণ করতে হবে। এসব তথ্য প্রতি সপ্তাহে নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলেছে কারিগরি শিক্ষা অধিদফতর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদফতরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ডেঙ্গু মশা নিধন কর্মসূচির আওতায় পরিচালিত কার্যক্রমের ছবি, সংক্ষিপ্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ প্রতি সপ্তাহে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।
এর আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ডেঙ্গু মশা নিধন কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দেয়। এতে সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার কমিটি, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
কর্মসূচিতে স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করার নির্দেশনাও রয়েছে। তাদের অংশগ্রহণে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে হবে। এসব স্থানে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
দপ্তরপ্রধানদের প্রতি শনিবার নিজস্ব ব্যবস্থাপনায় নিজ দপ্তর ও সংলগ্ন এলাকায় ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র্যালি, মাইকিং, প্রচার-প্রচারণা, সভা, সেমিনার, আলোচনা ও উদ্বুদ্ধকরণ সভাসহ স্থানীয়ভাবে উপযোগী কর্মসূচি নেওয়ার নির্দেশনা রয়েছে।
প্রতি শনিবার পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের ছবি, সংক্ষিপ্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। পরে সেগুলো সাপ্তাহিকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
এমএইচ/এআরএম




