বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৭৬ বিশ্ববিদ্যালয় পাচ্ছে ৩০ হাজারের বেশি ই-বুক ও গবেষণা উপকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

৭৬ বিশ্ববিদ্যালয় পাচ্ছে ৩০ হাজারের বেশি ই-বুক ও গবেষণা উপকরণ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভাকক্ষে ‘ই-বুকস ফর ইউজিসি ডিজিটাল লাইব্রেরি’ বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে

দেশের ৭৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সাতটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৩০ হাজারের বেশি ই-বুক, ই-জার্নালসহ বিভিন্ন গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন। এ সুবিধা দিতে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভাকক্ষে ‘ই-বুকস ফর ইউজিসি ডিজিটাল লাইব্রেরি’ বিষয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক ই-বুক ও ই-জার্নালের পাশাপাশি বিভিন্ন ধরনের গবেষণা উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা ও দেশের অগ্রাধিকার খাত বিবেচনায় এসব ই-রিসোর্স কেনা হচ্ছে বলে জানিয়েছে ইউজিসি।

ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা ও গবেষণার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ই-রিসোর্সের ব্যবহার বাড়াতে হবে। এসব সুবিধা কাজে লাগিয়ে দেশের গবেষণা খাতকে এগিয়ে নিতে হবে। গবেষণায় ই-রিসোর্সের ব্যবহার আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ইউজিসি কাজ করছে।

বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগের কথাও জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, দ্রুতগতির ওয়াইফাই ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ই-রিসোর্স শেয়ারিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবং বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ডিজিটাল সংযোগ বাড়ানো হবে। পাশাপাশি বিদেশে থাকা শিক্ষাবিদ ও গবেষকদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ইউজিসি কার্যকর উদ্যোগ নিচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ড. শেরেজাদ জয়া, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও হিট প্রকল্পের টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামানসহ ইউজিসি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বিডিরেন, হিট প্রকল্প ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Research

এদিকে হিট প্রকল্পের মিডটার্ম রিভিউ মিশন উপলক্ষে পৃথক সভায় প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানান ইউজিসি চেয়ারম্যান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস মহামারির পরবর্তী সময়ে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রকল্প বাস্তবায়নে কাঙ্ক্ষিত গতি ছিল না। বর্তমানে প্রকল্পের লক্ষ্য অর্জনে পুরোদমে কাজ চলছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করতে হবে। প্রকল্প শুরুর পর প্রায় দুই বছর বাস্তবায়ন কাজ কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। তাই অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সভায় হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও প্রকল্পের কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর