কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়ায় অধিভুক্ত কলেজগুলোর প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ে কর্মমুখী শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীরা কোন বিষয়ে কর্মমুখী শিক্ষা পেতে চায়, তা চিহ্নিত করে সেই অনুযায়ী সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে ভিসি কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের পরামর্শ দেন। অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর সমস্যাসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কার্যক্রমের কথা তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে গতিশীলতা আনতে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এর আগে অনার্স ফাইনাল ও ডিগ্রি পরীক্ষার ফলাফলও স্বল্প সময়ে প্রকাশ করা হয়েছে।
উচ্চশিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিনের পুরোনো কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভিসি বলেন, কলেজগুলোর লাইব্রেরিতে মানসম্মত মূল বইয়ের ঘাটতি রয়েছে। এ কারণে প্রায় ৪ হাজার কোর্সের কারিকুলাম পরিমার্জন ও নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক কোর্সের কারিকুলাম পরিবর্তন করা হয়েছে এবং বাকি কোর্সগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে।
চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। সভায় চকরিয়া উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
এম/এফএ




