বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রথম ধাপে কলেজ পেল ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

প্রথম ধাপে কলেজ পেল ৯ লাখ ৮০ হাজার শিক্ষার্থী
প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। এ ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তবে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি ১৪ হাজার ৪১৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ২ হাজার ২০৫ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।

এবার একাদশে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। তারা পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা দেয়। অর্থাৎ প্রথম ধাপে আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশই কোনো না কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে।

প্রথম ধাপে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, তা জানতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ করলেই পর্দায় নির্বাচিত কলেজের তথ্য দেখা যাবে।

আরও পড়ুন

একাদশে কোন কলেজে সুযোগ পেলেন, জানবেন যেভাবে

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে।

SSC
৯৮ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছে। ছবি: সংগৃহীত

ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। এর আগে ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম, শিক্ষার্থীর পছন্দক্রম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। এবার একাদশে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

এবার অনলাইনে আবেদন ফি ছিল ২২০ টাকা। ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে দিতে হবে ৩৪০ টাকা। এই ফি বিভিন্ন খাতের মধ্যে রেজিস্ট্রেশন, ক্রীড়া, বিএনসিসি, রোভার/রেঞ্জার, রেড ক্রিসেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি অন্তর্ভুক্ত রয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি বা ছাড়পত্র (টিসি) দিতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর