শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের তথ্য চেয়েছে মাউশি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ছবি- সংগৃহীত

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কি না, তা তদারকি জোরদার করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে অবহিত করা হয়েছে কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- তা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাউশির এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং মাউশির সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নে গত ১৭ আগস্ট একটি নির্দেশনা জারি করা হয়েছিল।

ওই নির্দেশনায় মাউশির আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সরকারি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নজরদারির কথা বলা হয়। কারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকার পরিপন্থী, আপত্তিকর, বিভ্রান্তিকর বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কার্যক্রম নজরে এলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট মনিটরিং কমিটির আহ্বায়ককে জানাতে বলা হয়েছিল।

এবার আগের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী ব্যবস্থা নিয়েছে, তার তথ্য চেয়েছে মাউশি।

বিশেষ করে দুটি বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়েছে কি না, তা জানাতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং এবং এ সংক্রান্ত তথ্য মনিটরিং কমিটির কাছে পাঠানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত জানাতে হবে।

এসব তথ্য আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানের কার্যালয়ের নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশিকা বিরোধী কার্যক্রম শনাক্ত হলে সংশ্লিষ্ট মনিটরিং কমিটিকে তথ্য-প্রমাণসহ জানাতে হবে। এর মাধ্যমে শিক্ষা প্রশাসনের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা প্রতিপালন ও তদারকি আরও জোরদার করতে চায় অধিদফতর।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর