বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার বিপরীতে সুপারিশ পাওয়া ১৯৫ প্রার্থীকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃসুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের রি-সুপারিশের ফল প্রকাশ করেছে এনটিআরসিএ।
দীর্ঘ অপেক্ষার পর এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এবং সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬-এর আওতায় এসব প্রার্থীকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। পুনর্নির্ধারিত প্রার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় পুনঃসুপারিশ পাওয়া প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট অথবা এনজিআই টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নতুন নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।
অন্যদিকে, ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীরা নিজেদের ই-মেইল থেকে নতুন সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও নিজস্ব আইডি দিয়ে ওয়েবসাইটে লগইন করে অথবা প্রতিষ্ঠানের ই-মেইল থেকে সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।
পুনঃসুপারিশ পাওয়া প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে উল্লেখ করা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে বলেছে এনটিআরসিএ।
তবে এসব প্রার্থীর ক্ষেত্রে এনটিআরসিএর ওয়েবসাইটে ‘জয়েনিং স্ট্যাটাস’ পূরণ করার বাধ্যবাধকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমএইচ/এআরএম




