বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩
নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ঢাকা মেইল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে-১ এর সামনে কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র করে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা। একপর্যায়ে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঠালতলা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের(১৮ তম ব্যাচ) শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল এবং কেমিস্ট্রি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, ‘সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। এটা আমরা মিটমাট করে ফেলেছি।’

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। মাত্র শুনলাম। আমি বিষয়টি আরো বিস্তারিত জেনে ব্যবস্থা নেব।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর