‘সুস্থ মানুষ, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি এ বি এম পারভেজ রেজার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) শাঁখারিবাজারে সারাদিন ব্যাপী পোগোজ অ্যান্ড ল্যাবরেটরি স্কুলে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সাধারণ চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, চোখের পরীক্ষা, দাঁতের চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে আসা রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এ বি এম পারভেজ রেজা বলেন, পুরান ঢাকার শাঁখারিবাজার ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং এই জায়গাটি অত্যন্ত জনবহুল এলাকা। যারা এই এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ আছেন, তাদের জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। আমরা আশা করি, এই এলাকার প্রত্যেক মা-বোন এই সুবিধাগুলো নেবেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন কেউ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
পারভেজ রেজা বলেন, মানুষের সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
আয়োজকরা জানান, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি/এফএ




