২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
প্রথম পর্যায়ে আবেদন করা শিক্ষার্থীরা অনলাইনে প্রবেশ করে জানতে পারবেন, তারা ভর্তির জন্য কোন কলেজে নির্বাচিত হয়েছেন।
একাদশ শ্রেণির ভর্তির প্রথম পর্যায়ের ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোম পেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
সেখানে শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ করলে নির্বাচিত কলেজের নাম ও প্রয়োজনীয় তথ্য দেখা যাবে।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ শিক্ষার্থী। এর বিপরীতে সারা দেশের কলেজ ও মাদরাসাগুলোতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নিশ্চয়ন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
জেবি




