রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাঠের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ক্রিকেট খেলে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

মাঠের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ক্রিকেট খেলে প্রতিবাদ
মাঠের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে ক্রিকেট খেলছেন জাবি শিক্ষার্থীরা। ছবি: ঢাকা মেইল

খেলার মাঠ নেই। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনেই ক্রিকেট খেলে প্রতিবাদ জানিয়েছেন।  

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো— হলের চতুর্থ তলার সম্পূর্ণ ছাদ সংস্কার ও ওয়াশরুমের পাশে অবস্থিত ১৯টি কক্ষের দেয়ালে টাইলস স্থাপন, হলের মধ্যবর্তী অংশে অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণ, হলের মাঠের সংস্কারকাজ দ্রুত শুরু এবং হলের চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী পুনঃস্থাপন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরনো ভবন হওয়ায় বৃষ্টির সময় হলের চতুর্থ তলার কক্ষগুলোতে পানি চুঁইয়ে পড়ে। ওয়াশরুমের পাশের কক্ষগুলোর দেয়াল থেকেও পলেস্তারা খসে পড়ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সম্প্রসারণকাজের সময় আ ফ ম কামালউদ্দিন হলের একমাত্র খেলার মাঠটি নষ্ট হয়ে যায়। লাইব্রেরির কাজ শেষ হওয়ার পর মাঠটি পুনরায় খেলাধুলার উপযোগী করে দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

হল সংসদের সাধারণ সম্পাদক আবরার হোসেন বলেন, হল সংসদ গঠনের আগে থেকেই এবং দায়িত্ব গ্রহণের পর বিগত এক বছর ধরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রতিবারই অদৃশ্য কারণে তা পিছিয়ে যায়।

তিনি বলেন, বাধ্য হয়ে আমরা ২৭ আগস্ট উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রশাসনিক ভবন অবরোধের সিদ্ধান্ত নিয়েছি।

হলের আবাসিক শিক্ষার্থী শিবায়ন রায় বলেন, মাঠ সংস্কারসহ হলের সমস্যাগুলো সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা। দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান কাজ শুরু না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর