বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইন ভাঙলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

আইন ভাঙলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ইউজিসি চেয়ারম্যান
অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একইসঙ্গে বিদ্যমান আইন ও বিধি অনুসরণে ব্যত্যয় কিংবা কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, সংশ্লিষ্ট বিধি ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

এসময় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি পরিবার, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, ‘দেশের উচ্চশিক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না। প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে।’

শিক্ষার্থীদের সাফল্য শুধু তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার ওপর নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কী শিখছে, কী ধরনের দক্ষতা অর্জন করছে এবং কর্মক্ষেত্রের জন্য নিজেদের কতটা প্রস্তুত করছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।’

প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বের প্রসঙ্গ তুলে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তের জ্ঞান ও তথ্য এখন শিক্ষার্থীদের হাতের নাগালে। তাই বিশ্ববিদ্যালয় নতুন না পুরোনো- এটি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণায় নিজেদের যোগ্য করে তুলতে হবে।’

UGC_1
অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

দেশের উচ্চশিক্ষায় প্রায় ৫০ লাখ শিক্ষার্থী রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ইউজিসি তাদের সবার অভিভাবক। সরকারি-বেসরকারি, পুরোনো-নতুন কিংবা প্রকৌশল-কৃষি—কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই বৈষম্য করা হবে না। পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার মাধ্যমে সমন্বিত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

ভ্যাট কমার সুফল শিক্ষার্থী-শিক্ষকদের দিতে হবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভ্যাট প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট ৫ শতাংশ কমানো হয়েছে। আরও ৫ শতাংশ কমানোর বিষয়ে সরকারের সঙ্গে ইউজিসি আলোচনা করছে।’

ভ্যাট কমার ফলে সাশ্রয় হওয়া অর্থ শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণ, শিক্ষক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় ব্যয় করা হবে— এমন প্রত্যাশার কথা জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভূমিকা প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ট্রাস্টি বোর্ডের হস্তক্ষেপ থাকা উচিত নয়। এসব কার্যক্রম উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের নেতৃত্বে পরিচালিত হতে হবে।’

শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থী, জ্ঞান, গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র। কোনো প্রতিষ্ঠান আইন, বিধি ও ইউজিসির নির্দেশনা অনুসরণ না করলে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রায় ২০ হাজার প্রাক্তন শিক্ষার্থীর অ্যালামনাই নেটওয়ার্কের প্রশংসা করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ। বিভিন্ন ক্ষেত্রে সফল প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ ও সহযোগিতা শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে পারে।’

অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন।

এ ছাড়া সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী শিপুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং নবীন ও কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর