প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, ২০২৬-এর প্রচার জোরদার করতে দেশের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার, লোগো, মাসকট ও ফেস্টুন প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি মাউশির আওতাধীন সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৪ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী- প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর প্রচারের জন্য লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। ব্যাপক প্রচারের স্বার্থে এসব উপকরণ নির্ধারিত লিংক ব্যবহার করে স্কুল ও কলেজের প্রধান গেইট অথবা গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
প্রতিযোগিতার প্রচারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেইটে ব্যানার প্রদর্শন, দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার স্থাপন এবং প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রতিযোগিতা-সংক্রান্ত তথ্য প্রকাশ।
এছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব ওয়েবসাইটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর প্রচার চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের অফিসগুলো তাদের আওতাধীন এলাকায় গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রতিযোগিতার ব্যাপক প্রচারণা নিশ্চিত করা এবং নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এম/এএম




