মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা কলেজে সিট বরাদ্দে অনিয়ম, নতুন করে বরাদ্দের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

ঢাকা কলেজে সিট বরাদ্দে অনিয়ম, নতুন করে বরাদ্দের দাবি শিক্ষার্থীদের
ঢাকা কলেজে সিট বরাদ্দের অনিয়ম নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি- ঢাকা মেইল

ঢাকা কলেজের আবাসিক হলের সিট বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশপাশি বরাদ্দকৃত সিটের তালিকা বাতিলের দাবি করেছেন তারা। একই সঙ্গে প্রকৃত আবাসনপ্রত্যাশী, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সিট বরাদ্দের দাবিও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আবাসিক হলে সিট পাওয়ার জন্য আবেদন করেও অনেক শিক্ষার্থী বঞ্চিত হয়েছেন। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও আবাসনের প্রকৃত প্রয়োজন রয়েছে- এমন শিক্ষার্থীদের অনেকে সিট পাননি। ফলে বর্তমান সিট বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

ঢাকা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, ভালোভাবে পড়াশোনা ও নিরাপদ আবাসনের প্রত্যাশা নিয়ে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু গত দুই বছর ধরে রিডিং রুমে থেকে এবং ফুটপাতে কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। অথচ, তার আর্থিক ও পারিবারিক পরিস্থিতি প্রশাসন এবং বিভাগীয় প্রধানের জানা থাকা সত্ত্বেও তিনি সিট পাননি।

মারুফ বলেন, ‘কলেজের ১৯টি বিভাগে ভাইভার মাধ্যমে সিট দেওয়ার কথা থাকলেও মাত্র কয়েকটি বিভাগে ভাইভা নেওয়া হয়েছে। বাকি বিভাগগুলোতে ভাইভা ছাড়াই কীসের ভিত্তিতে সিট দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের কাছে অজানা।’

আবাসন সংকটের কারণে তার পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও করছেন এই শিক্ষার্থী। এজন্য সিট বঞ্চিত সব শিক্ষার্থীর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

মারুফ বলেন, ‘কোনো শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে একটি শিক্ষা প্রশাসন চলতে পারে না।’

শিক্ষার্থীরা বলেন, আবাসিক হলের সিট বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। প্রকৃত আবাসনপ্রত্যাশী শিক্ষার্থীদের বঞ্চিত রেখে কোনো ধরনের বৈষম্যমূলক বরাদ্দ তারা মেনে নেবেন না। বর্তমান তালিকা বাতিল করে সবার জন্য গ্রহণযোগ্য একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সিট বরাদ্দ করতে হবে।

সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহিন আলম।

দাবিগুলো হলো-

১, অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিটগুলো অবিলম্বে বাতিল করে ন্যায্যতা ও মেধার ভিত্তিতে নতুন করে সিট বরাদ্দ দিতে হবে।

২, ঢাকা কলেজের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে দ্রুত দুটি ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করতে হবে।

৩, স্বাধীন প্রশাসনের মাধ্যমে আবাসিক হলের সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর