বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার সাত বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ও মানবিকে কেউ পাস করেনি

আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার সাত বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ও মানবিকে কেউ পাস করেনি
জেলা শিক্ষা অফিস।

ব্রাহ্মণবাড়িয়ার সাতটি বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের কোনো শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। এর মধ্যে ছয়টি বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ এবং দুটি বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থীদের কেউ পাস করেনি। একটি বিদ্যালয়ে ৩৫ জনের মধ্যে পাস করেছে মাত্র ৮ জন।

এবার জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় পাসের হারও গত বছরের তুলনায় সামান্য কমেছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কমসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর জেলায় পাসের হার ৬৯ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন। গত বছর পাসের হার ছিল ৬৯ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬১২ জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৭১৪ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ২৫ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৭২২ জন এবং অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে দুজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে ২৫ জনের মধ্যে পাস করেছে ৯ জন। বিদ্যালয়টির মোট পাসের হার ৩০ শতাংশ।

আরও পড়ুন

গোল্ডেন এ+ হাতে চার বন্ধু, তবুও মন খারাপ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের অবহেলা ও অভিভাবকদের উদাসীনতার কারণে এমন ফল হয়েছে। যারা পাস করতে পারেনি, তারা বিদ্যালয়ে অনিয়মিত ছিল। ফরম পূরণের পর অনেক চেষ্টা করেও তাদের নিয়মিত বিদ্যালয়ে আনা সম্ভব হয়নি।

বিদ্যালয়টিতে বর্তমানে ৩৩৪ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের মধ্যে বিজ্ঞান বিভাগে রসায়ন, কৃষিশিক্ষা ও হিসাববিজ্ঞানের একজন করে শিক্ষক রয়েছেন। বাকিরা মানবিক বিভাগের শিক্ষক।

বাঞ্ছারামপুর উপজেলার আশরাফবাদ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ছয়জনের কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে ১৯ জনের মধ্যে পাস করেছে ১৭ জন; তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে আটজন। মানবিক বিভাগে ১৮ জনের মধ্যে পাস করেছে ১৩ জন। বিদ্যালয়টির মোট পাসের হার ৬৯ দশমিক ৭৭ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আইডিয়াল হাই একাডেমির ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনের কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে সাতজনের মধ্যে ছয়জন পাস করেছে এবং দুজন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ১৫ জনের মধ্যে পাস করেছে পাঁচজন। বিদ্যালয়টির পাসের হার ৪৪ শতাংশ।

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু মঙ্গলবার

কসবার কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া চারজনের কেউ পাস করেনি। বিজ্ঞান বিভাগে ২৩ জনের মধ্যে ১৪ জন এবং মানবিক বিভাগে ৩৫ জনের মধ্যে ১৯ জন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ৫৩ দশমিক ২৩ শতাংশ।

নাসিরনগরের গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগের ১১ জনের সবাই পাস করেছে; তাদের মধ্যে তিনজন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৩৬ জনের মধ্যে পাস করেছে ২৪ জন। বিদ্যালয়টির পাসের হার ৭২ দশমিক ৯২ শতাংশ।

একই উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগে ২৪ জনের মধ্যে ২৩ জন এবং মানবিক বিভাগে ৫১ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। বিদ্যালয়টির পাসের হার ৮৪ দশমিক ২১ শতাংশ।

শ্রীঘর এসইএসডিপি মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে মাত্র আটজন। মানবিক বিভাগে ৩১ জনের মধ্যে সাতজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে চারজনের মধ্যে একজন পাস করেছে। বিদ্যালয়টির পাসের হার ২২ দশমিক ৮৬ শতাংশ।

নবীনগর উপজেলার শ্যামগ্রাম বনলতা বিপিন গার্লস হাইস্কুলের মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১১ জনের কেউ পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগে চারজনের মধ্যে দুজন এবং অন্য একটি বিভাগে চারজনের মধ্যে দুজন পাস করেছে। বিদ্যালয়টি থেকে মোট ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে চারজন। পাসের হার ২১ দশমিক ৫ শতাংশ।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা ফলাফল সংগ্রহ করছি। ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা চেয়ে বিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হবে। সরেজমিনে বিদ্যালয়গুলো পরিদর্শনও করা হবে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর