সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা আনতে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা আনতে জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা আনতে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলি সংক্রান্ত আবেদন নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে গ্রহণ ও নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রাথমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম পর্যালোচনার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয়; এই চার পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তবে দেখা যাচ্ছে, উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য অনেক আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দেওয়া হচ্ছে।

চিঠিতে বলা হয়, অভিযোগ পাওয়া যাচ্ছে যে, কিছু ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটির কাছে আবেদন করছেন। এতে নির্ধারিত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

এ ছাড়া অনেক শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন জমা দিচ্ছেন, যা সরকারি কার্যক্রমে শৃঙ্খলা বিঘ্নিত করছে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

এই অবস্থায় উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিকে নিজ নিজ এখতিয়ারাধীন সব আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় কমিটির এখতিয়ারভুক্ত আবেদনও অবশ্যই নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় এসব আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না বলে চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর