সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের পোস্ট ও মন্তব্য নিয়ে সরকারের সতর্ক অবস্থানের মধ্যেই এবার ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এক এমপিওভুক্ত সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
সোমবার (৩ আগস্ট) মাউশির মাধ্যমিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।
নোটিশ অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কালাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।
মাউশি জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, সাইবার আইন এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯ লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে হবে।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি শিক্ষা প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আচরণ নিয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযম, দায়িত্বশীলতা এবং সরকারি চাকরির আচরণবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ এই কারণ দর্শানোর নোটিশকে সেই নির্দেশনার বাস্তব প্রয়োগের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সরকারি বিধি-বিধান অনুসরণে কোনো ধরনের ব্যত্যয় হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ/এমআই




