সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আগস্ট মাসেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হওয়ার পর শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
পরে আন্দোলনকারীরা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আন্দোলনকারীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রাজধানীতে এসে কর্মসূচিতে যোগ দেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি।’
এদিকে একই দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শুধু যোগদানের তারিখ ঘোষণা নয়, দ্রুত পদায়ন ও নিয়োগ-সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিদ্যালয়ে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এমএইচ/এফএ




