রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আগস্টের প্রথম সপ্তাহে ভাইভা না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

আগস্টের প্রথম সপ্তাহে ভাইভা না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আয়োজিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক গোলাম রসুল সানি।

মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও এখনো ভাইভা আয়োজনের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

সাবেক ছাত্রনেতা ও উপাধ্যক্ষ শেখ ফরিদ হোসেন বলেন, এই নিয়োগ উদ্যোগকে সারাদেশের মানুষ স্বাগত জানিয়েছিল। কিন্তু লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভাইভার তারিখ ঘোষণা করা হয়নি। দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানাই।

ভাইভা প্রার্থীদের পক্ষে সহকারী অধ্যাপক আলফাতুন মোহাম্মদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ২০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ফল প্রকাশ করা হয়। কঠোর প্রতিযোগিতামূলক ওই পরীক্ষায় প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। পাসের হার ছিল ৩১ শতাংশ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষাটি নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হওয়া এবং ফলাফল তৈরির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু ফল প্রকাশের পর তিন মাস পেরিয়ে গেলেও ভাইভার কোনো তারিখ ঘোষণা না হওয়ায় উত্তীর্ণ প্রার্থীরা উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন।

তারা অবিলম্বে মৌখিক পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রার্থীরা বলেন, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ভাইভার তারিখ ঘোষণা করা না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রাসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক মনিরুল ইসলাম মাসুদ, সাবেক ছাত্রনেতা অধ্যাপক মফিজুল ইসলামসহ অনেকে। এ ছাড়া ন্যাশনাল ফোরাম ফর রিসার্চ অ্যান্ড এমপ্লয়িজের (এনএফটিই) আহ্বায়ক অধ্যক্ষ রফিকা আফরোজ প্রমুখ।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর