ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আঁকা গ্রাফিতিগুলো আবার রং ও লেখায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কাজে গণঅভ্যুত্থানের সময় গ্রাফিতি আঁকা শিল্পীদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই থেকে পুনর্লিখন ও পুনরায় রংকরণের কাজ শুরু হবে। ওই দিন উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি পুনর্লিখনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হবে।
এ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে।
ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া আগের শিল্পীদের পাশাপাশি আগ্রহী সৌখিন শিল্পীদেরও পুনর্লিখন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগ্রহীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ০১৭১৬১১৬০২৩ নম্বরে হোয়াটসঅ্যাপে নাম ও ঠিকানা পাঠিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন আবাসিক হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে আলোচনা সভা, সেমিনার, স্মৃতিচারণ, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ক্যাম্পাসের ঐতিহাসিক গ্রাফিতিগুলো দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হবে।
এমএইচ/এএইচ




