জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত একটি গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগানোর ঘটনায় সেগুলো অপসারণ এবং দুঃখপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি দুঃখপ্রকাশ করেন।
বিজ্ঞাপন
জামায়াত নেতা জানান, রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঐতিহাসিক জুলাই গ্রাফিতির ওপর তার কিছু পোস্টার লাগানোর বিষয়টি নজরে এসেছে। বিষয়টি জানার পর তিনি অত্যন্ত মর্মাহত ও দুঃখিত বলে উল্লেখ করেন।
সেলিম বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পোস্টারগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। পোস্টার লাগানোর কারণে গ্রাফিতির কোনো ক্ষতি হয়ে থাকলে শিল্পীদের সঙ্গে নিয়ে তা আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ‘চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের ত্যাগ, স্মৃতি ও চেতনাকে আমি গভীরভাবে ধারণ করি। তাই এ ধরনের অসচেতন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
একই সঙ্গে বিষয়টি তার নজরে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উত্তরা আজমপুর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে আঁকা একটি গ্রাফিতির ওপর মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনি পোস্টার লাগানো হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে পরে পোস্টারগুলো অপসারণ করা হয়।
বিবৃতির শেষাংশে সেলিম বলেন, জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রেখে সবাইকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন ঢাকা গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে।
টিএই/এএইচ



