সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রেওয়াজের বেড়াজালে সনদ বিতরণ, ভোগান্তিতে চবির গ্রাজুয়েটরা

রেদ্ওয়ান আহমদ, চবি
প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

রেওয়াজের বেড়াজালে সনদ বিতরণ, ভোগান্তিতে চবির গ্রাজুয়েটরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্যের অনুপস্থিতিতে মূল সনদ বিতরণ বন্ধ রাখা হলেও এর পক্ষে কোনো সুনির্দিষ্ট আইন, স্ট্যাটিউট বা অর্ডিন্যান্স নেই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটি দীর্ঘদিনের একটি প্রচলিত ‘রেওয়াজ’ মাত্র। তবে এই রেওয়াজের কারণে শত শত শিক্ষার্থীর মূল সনদ আটকে আছে। জরুরি প্রয়োজনেও অনেকে সাময়িক সনদ নিতে বাধ্য হচ্ছেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করছেন।

বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা শাখা সূত্রে জানা গেছে, গত ১২ জুন থেকে আগামী ২৮ জুন পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান অস্ট্রেলিয়ায় অবস্থান করায় মূল সনদ ইস্যু করা হচ্ছে না। এর আগে গত মাসে ইউজিসি প্রতিনিধি দলের সঙ্গে তার ১০ দিনের পাকিস্তান সফরের সময়ও একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

দুই সফর মিলিয়ে জরুরি ভিত্তিতে মূল সনদের প্রায় ১০০টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি সাধারণ প্রক্রিয়ায় জমা হওয়া আরও কয়েকশ আবেদন উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এসব শিক্ষার্থীর অনেকে উচ্চশিক্ষা, চাকরি ও বিদেশে আবেদনের জন্য প্রয়োজনীয় মূল সনদ না পেয়ে সময়মতো কাগজপত্র জমা দিতে পারছেন না। এ অবস্থায় ডিপ্লোমা শাখা তাদের সাময়িক সনদ নেওয়ার পরামর্শ দিচ্ছে।

উপাচার্যের পাকিস্তান সফরের সময় এরকম সমস্যায় পড়েন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা মাহবুবুর রহমান। ঢাকা মেইলকে তিনি বলেন, চাকরির প্রয়োজনে মূল সনদ দরকার ছিল। কিন্তু উপাচার্য না থাকায় তুলতে পারিনি।

রেওয়াজের খেসারত দিচ্ছেন শিক্ষার্থীরা

ডিপ্লোমা শাখার নিয়ম অনুযায়ী, জরুরি ভিত্তিতে সাময়িক সনদ উত্তোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭০০ টাকা এবং অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ৮০০ টাকা পে-অর্ডার করতে হচ্ছে। পরে মূল সনদ সংগ্রহের সময় আবারও নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফলে সাময়িক সনদ নিতে গিয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে করে উপাচার্যের বিদেশ সফরের কারণে গ্রাজুয়েটরা যেমন প্রয়োজনের সময় মূল সনদ পাচ্ছেন না, তেমনি সময়, শ্রম ও আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিপ্লোমা শাখার এক কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, উপাচার্যের এই দুই সফরে এখনো পর্যন্ত প্রায় ১০০টি জরুরি মূল সনদের আবেদন জমা পড়েছে। কিন্তু সেগুলো সাধারণ আবেদন হিসেবে গণ্য হচ্ছে। এমনকি যারা জরুরি সনদের জন্য ১২০০ বা ১৩০০ টাকা পে-অর্ডার করেছেন, তাদের আবেদনও ৮০০ বা ৯০০ টাকার সাধারণ আবেদন হিসেবে বিবেচিত হচ্ছে। এক্ষেত্রেও তারা ৪০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে সদ্য স্নাতক পাস করা আব্দুল্লাহ বলেন, জরুরি সনদের জন্য ১২০০ টাকা পে-অর্ডার করেছিলাম। পরে জানলাম, উপাচার্য না থাকায় সেটি সাধারণ আবেদন হিসেবে বিবেচিত হবে।

সনদ আটকে রাখার পক্ষে নেই কোনো সুনির্দিষ্ট বিধান

মূল সনদে উপাচার্যের স্বাক্ষর কি আইনগতভাবে বাধ্যতামূলক, নাকি অন্য কিছু—বিষয়টি অনুসন্ধানে দেখা যায়, উপাচার্যের অনুপস্থিতিতে মূল সনদ ইস্যু করা যাবে না, এমন কোনো সুনির্দিষ্ট আইন, স্ট্যাটিউট বা অর্ডিন্যান্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই। সনদ শাখা, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার কার্যালয় ও প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এটি মূলত দীর্ঘদিনের একটি প্রচলিত  ‘রেওয়াজ’।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার ঢাকা মেইলকে জানান, উপাচার্যের স্বাক্ষর ছাড়া সনদ ইস্যু হবে না, এরকম নিয়ম বিশ্ববিদ্যালয়ের আইন, স্ট্যাটিউট বা অর্ডিন্যান্সে নেই। এটা প্রচলিত নিয়ম। তবে, পরিবর্তন হওয়া দরকার। উপাচার্য ছুটিতে থাকবে সেজন্য শিক্ষার্থীরা সনদ তুলতে পারবে না, এমনটা হতে পারে না।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদও এ সংক্রান্ত কোনো আইন, স্ট্যাটিউট বা অর্ডিন্যান্স ঢাকা মেইল প্রতিবেদককে দেখাতে পারেননি। এছাড়া তিনি স্বীকার করেছেন যে, উপাচার্যের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীরা আর্থিক ও প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, উপাচার্য দীর্ঘ সময় ছুটিতে থাকলে শিক্ষার্থীরা মূল সনদ তুলতে পারেন না। এতে তারা ভোগান্তিতে পড়েন। এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা থাকা প্রয়োজন।

শিক্ষার্থী প্রতিনিধিদের মতে, গ্রাজুয়েটদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি কমাতে দ্রুত একটি কার্যকর বিকল্প ব্যবস্থা প্রণয়ন করা জরুরি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক ঢাকা মেইলকে বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই রীতিকে কীভাবে আরও সহনশীল করা যায়, তা ভেবে দেখা দরকার। উপাচার্য ক্যাম্পাসে ফিরলে অবশ্যই বিষয়টি উপস্থাপন করে দ্রুত সমাধান চাইবো।

এদিকে, অস্ট্রেলিয়া থেকে ফিরে বিষয়টি সমাধানে পদক্ষেপ নিবেন বলে ঢাকা মেইল প্রতিবেদককে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ফেরার পর বিষয়টি দেখব কীভাবে সমাধান করা যায়।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিকল্প ব্যবস্থা

অন্যদিকে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিকল্প হিসেবে সনদ স্বাক্ষরের ভিন্ন ব্যবস্থা রয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্যের স্বাক্ষর আগে থেকেই সনদে মুদ্রিত থাকায় মূল সনদ বিতরণ কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা তৈরি হয় না। ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী ঢাকা মেইলকে জানান, সেখানে উপাচার্যের স্বাক্ষর সনদে আগে থেকেই কম্পোজ (মুদ্রিত) করা থাকে।

আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য মূল সনদে স্বাক্ষর করতে পারেন। রাবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলম খান বলেন, উপাচার্য অনুপস্থিত থাকলে ভারপ্রাপ্ত উপাচার্য সনদে স্বাক্ষর করেন। আর সাময়িক সনদে উপাচার্যের স্বাক্ষরের প্রয়োজন নেই। ওটাতে কেবল পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর হলেই হয়।

স্থায়ী সমাধানে শিক্ষাবিদদের পরামর্শ

শুধু বিদেশ সফর নয়, উপাচার্য কখনো ছুটিতে থাকতে পারেন, কখনো বা অসুস্থ হতে পারেন। এমতাবস্থায় গ্রাজুয়েট বা পোস্ট-গ্রাজুয়েটদের মূল সনদে বিকল্প স্বাক্ষরের পরামর্শ শিক্ষাবিদদের।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আজম খান ঢাকা মেইলকে বলেন, সময়মতো মূল সনদ না পেলে অনেকে উচ্চশিক্ষা, চাকরি বা অন্যান্য আবেদনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন। বিকল্প ব্যবস্থা থাকলে তাদের এমন ভোগান্তি হতো না। সিন্ডিকেটের মাধ্যমে আইন করা যায় যে, উপাচার্যের অনুপস্থিতিতে কে বিকল্প স্বাক্ষর করবেন।

এদিকে, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিকল্প আইন প্রণয়নের পাশাপাশি উপাচার্যের ই-সিগনেচারের ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছেন। ঢাকা মেইলকে তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে সিন্ডিকেটের মাধ্যমে আইনগতভাবে উপাচার্যের স্বাক্ষরের বিকল্প ব্যবস্থা থাকা দরকার অথবা উপাচার্যের ই-সিগনেচারের ব্যবস্থাও করা যেতে পারে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর