বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোপান। বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষে দুই বন্ধু সোপান ও আজওয়াদ পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় আজওয়াদ পুকুরের পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে বন্ধু সোপান দ্রুত তাকে উদ্ধার করতে গেলে তিনিও পানিতে ডুবে নিখোঁজ হন।

বিজ্ঞাপন
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ফলে চিকিৎসকদের প্রাণ বাঁচানোর চেষ্টার কোনো সুযোগ ছিল না।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি জানান, নিহত সোপান মুন্সিগঞ্জ পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকা মিরপুরের রিপন মিয়ার ছেলে বলে প্রাথমিকভাবে পরিবার তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে। তারা দুজনই সম্পর্কে বন্ধু ও ব্র্যাক ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রতিনিধি/জেবি




