শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

জবিতে দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

JU dhakamail
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শান্তিপূর্ণ ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। দেয়াল লিখন, সংঘাত কিংবা উসকানিমূলক যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও তাগিদ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের এক বার্তায় জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের জন্য এ সভার আয়োজন করা হয়। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ প্রেক্ষাপটে প্রক্টরের নেতৃত্বে জকসু ও বিভিন্ন ছাত্রসংগঠনের সমন্বয়ে একটি সর্বদলীয় সভা আগামী রোববার (২৬ এপ্রিল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় চলমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।


বিজ্ঞাপন


সভায় উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে গড়ে উঠেছে। ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের প্রসঙ্গ টেনে তিনি সব ছাত্রসংগঠনকে সহনশীলতা বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী বা সংগঠন যেন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা থেকে বিরত থাকে। পারস্পরিক সম্প্রীতি অটুট রাখা এবং কোনো প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর