বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফাঁকি ঠেকাতে প্রতিমাসে মাউশি পরিদর্শনের ঘোষণা শিক্ষা সচিবের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম

শেয়ার করুন:

ফাঁকি ঠেকাতে প্রতিমাসে মাউশি পরিদর্শনের ঘোষণা শিক্ষা সচিবের
শিক্ষা সচিব আবদুল খালেক শিক্ষা।

হঠাৎ করেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন শিক্ষা সচিব আবদুল খালেক শিক্ষা। পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যুতের অপচয় রোধ এবং শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এখন থেকে শিক্ষার গুণগত মান ও অগ্রগতি পর্যবেক্ষণে শিক্ষা সচিব নিজে অথবা তার প্রতিনিধি প্রতি মাসে অন্তত একবার আকস্মিক পরিদর্শনের ঘোষণাও দিয়েছেন। শিক্ষা সচিবের একান্ত সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও জানানো হয়, সকাল থেকেই শিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর (ডিআইএ) এবং শিক্ষা প্রকৌশল অধিদফতর পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রতিটি দফতরের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি যাচাই করেন।

আরও পড়ুন: পা দিয়ে লিখে এসএসসি থেকে মাস্টার্স, অনুপ্রেরণার নাম আরিফা

পরিদর্শনকালে তিনি দফতরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এসির ব্যবহার সীমিত করা এবং বিদ্যুৎ সাশ্রয়ে সতর্ক থাকতে কঠোর নির্দেশনা দেন। 


বিজ্ঞাপন


কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের কাজের মানই দেশের শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে। তাই দফতরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সময়নিষ্ঠ হতে হবে।

পরে শিক্ষা সচিব রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন। তিনি সরাসরি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য দক্ষতা ও মানসিক বিকাশের খোঁজ নেন।

কলেজের পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করলেও শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে (Co-curricular activities) কিছুটা ঘাটতি লক্ষ্য করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এবং প্রতিষ্ঠানের গতিশীলতা বজায় রাখতে বিশেষ ঘোষণা দেন শিক্ষা সচিব। 

বিইউ/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর