চলতি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, যা চলবে ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস কোর্সে ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি জমাদানের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশি শিক্ষার্থীরা যারা ২০২২ বা ২০২৩ সালে এসএসসি এবং ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৬.৫০ এবং একক পরীক্ষায় ন্যূনতম ২.৫০ থাকতে হবে। সকল প্রার্থীর জন্য এইচএসসিতে জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩.০০ আবশ্যক।
আবেদন পদ্ধতি
টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে http://dgme.teletalk.com.bd
আবেদন ফি ১,০০০ টাকা, যা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষা ও নম্বর বণ্টন
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১০ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৫০ নম্বর এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে ১০ দিয়ে গুণ করে আরও ৫০ নম্বর নির্ধারণ করা হবে। বাকি ১০০ নম্বর থাকবে লিখিত এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার লিখিত এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে।
এই ভর্তি পরীক্ষায় কোনো মৌখিক পরীক্ষা রাখা হয়নি। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টনের মধ্যে পদার্থবিজ্ঞান থেকে ২০, রসায়ন থেকে ২৫, জীববিজ্ঞান থেকে সর্বোচ্চ ৩০, ইংরেজি থেকে ১৫ এবং সাধারণ জ্ঞান থেকে ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ের ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল মূল্যায়ন করা হবে।
আসন সংখ্যা
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তির জন্য মোট ৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে ২৫টি এবং বিএএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে মোট ৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
এছাড়া রওশন জাহান ইউনানী মেডিকেল কলেজ, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ, হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী আয়ুর্বেদিক মেডিসিন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বেসরকারি পর্যায়ে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।
ফলাফল ও ভর্তি
ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এক কলেজ থেকে অন্য কলেজে মাইগ্রেশনের সুযোগ নেই।
এসএইচ/ক.ম

