শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

৫০তম বিসিএস পরীক্ষা স্থগিত চেয়ে রিট, যা বলছে পিএসসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

PSC
সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের হলেও পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। গত বুধবার চারজন প্রার্থী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। তবে এ রিটের কারণে পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্ধারিত সময়েই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিএসসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, রিটের কারণে পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই। রিট সংক্রান্ত বিষয়টি আদালতে পিএসসির আইন কর্মকর্তা উপস্থাপন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছে কমিশন।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা আয়োজনের জন্য কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের ৫০তম বিসিএসে আবেদন জমা পড়েছে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। যা সাম্প্রতিক কয়েকটি বিসিএসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর আগে ৪৭তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। নন-ক্যাডারের মোট ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

এবারের প্রিলিমিনারি পরীক্ষায় নম্বর বণ্টনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলির নম্বর ৫ করে কমানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা অংশে ৫ নম্বর করে বাড়ানো হয়েছে।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন যেসব প্রার্থীর শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের জন্য আবেদনের নির্ধারিত সময় আগেই শেষ হয়েছে। পিএসসি জানিয়েছে, এসব প্রার্থীর জন্য কমিশনের নিজস্ব ব্যবস্থাপনায় শ্রুতলেখক নিশ্চিত করা হবে।

পিএসসির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর