শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

DU
ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের শিক্ষার্থী সুমি খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভোররাতে কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিজ বাসায় ফজরের নামাজের আগমুহূর্তে সুমির বাবা ও মা তার রুমে গিয়ে তাদের মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমির চিকিৎসাসংক্রান্ত নথি পরীক্ষা করে এবং পরিবারের কাছ থেকে ঘটনার বিবরণ নেয়। পরে তার বাবাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র নিশ্চিত করতে বলা হয়। দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবার ও সহপাঠীদের তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ সেশনের এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিরল রোগ ফাইব্রাস ডিসপ্লেশিয়া ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার হাড় দ্রুত ক্ষয় হচ্ছিল এবং একাধিক অস্ত্রোপচার সত্ত্বেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তীব্র ব্যথা, চলাফেরায় সীমাবদ্ধতা ও ক্রমাগত দুর্বলতায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন।

সহপাঠীরা জানান, অসুস্থতা সত্ত্বেও সুমি সবসময়ই পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করতেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও স্থায়ী কোনো সমাধান না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন

ভূমিকম্প আতঙ্কে ঢাবির তিন শিক্ষার্থী আহত, খসে পড়েছে পলেস্তারা

সহপাঠীদের ধারণা, পরিবারের জন্য কিছু করতে না পারার আক্ষেপ, দীর্ঘদিনের অসহনীয় ব্যথা এবং শারীরিক-মানসিক ক্লান্তি তাকে চূড়ান্তভাবে দুর্বল করে দেয়। একা লড়াই করেও তিনি শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে পারেননি বলে তাদের মত।

এ বিষয়ে পরিবারের এক সদস্য জানান, সুমি দীর্ঘদিন ধরেই মানসিক চাপ ও শারীরিক যন্ত্রণায় ছিলেন। ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে নিশ্চিত করেছে। তবে বিস্তারিত তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, সুমি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তার লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। 

এম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর