রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

মেগা প্রকল্পে অর্থায়নের অনুরোধ, আশ্বাস বিশ্বব্যাংক এমডির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

মেগা প্রকল্পে অর্থায়নের অনুরোধ, আশ্বাস বিশ্বব্যাংক এমডির

ঢাকা সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান টটসেনবার্গ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংককে মেগা প্রকল্পে অর্থায়নে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী। উচ্চ-মধ্যম আয়ের দেশের অভীষ্টে পৌঁছাতে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে তারা বৈঠক করেন বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সভায় বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। সেই সঙ্গে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশে স্বাগত জানান অর্থমন্ত্রী। তিনি বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, দুর্যোগ মোকাবেলা খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে, বিশেষ করে করোনাকালীন বাজেট সহায়তা ও ভ্যাকসিন ক্রয়ে অর্থায়নের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের এমডি অ্যাক্সেল ভ্যান ঢাকায়

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগে বিশ্বব্যাংকের আরও জোরদার ও ফলপ্রসূ অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে এবং ৫০ বছরের অংশীদারত্বকে বেগবান করতে বিশ্বব্যাংককে মেগা প্রকল্পে অর্থায়নে এগিয়ে আসতে অনুরোধ জানান। এছাড়া, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস)। তিনি দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত পদক্ষেপেরও প্রশংসা করেন বিশ্বব্যাংকের এমডি। বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে বিশ্বব্যাংকের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বিশ্বব্যাংকের খসড়া কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) নিয়েও আলোচনা করেন সংস্থাটির এমডি। তিনি জানান, সিপিএফ-এ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


দ্বিপক্ষীয় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান, অতিরিক্ত সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে মার্টিন রেইজার, দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট, আব্দুলায়ে সেক, কান্ট্রি ডিরেক্টর ড্যানডান চেনসহ অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা।

ডব্লিউএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর