দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাংস রফতানি করতে চায় সরকার। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মাংস উৎপাদন বাড়াতে খামারিদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে সরকার।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের মানুষের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের পর আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ সংগঠনটির সদস্য, বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
এএইচ/এসআই




