সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ভাষ্য, ঋণ আদায়ের পুরো প্রক্রিয়া আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে সম্পন্ন হয়েছে। বন্ধকি সম্পত্তি নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি দামে বিক্রি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সোমবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে সিটি ব্যাংক এ দাবি করে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ব্যাংকটির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট গ্রাহকের একাধিক প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে। এসব ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে এরপরও ঋণ পরিশোধ করা হয়নি।
২০২৪ সালে ঋণগুলো আবার খেলাপি হলে গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয় এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেছিলেন। তবে সেই অঙ্গীকারও তিনি রক্ষা করেননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির ব্যবস্থা করা হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা। আর তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়েও বেশি। ফলে সম্পত্তিটি কম দামে বিক্রির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ব্যাংকটি।
আরও পড়ুন
ঋণের সুদের চেয়ে আমানতে ব্যয় বেশি, চাপে ব্যাংক খাত
ইসলামী ব্যাংকের বিপর্যয়: দায় কার, আস্থা ফিরবে কীভাবে
বিবৃতিতে আরও বলা হয়, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তার ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের সংবাদ তার ব্যক্তিগত ও পেশাগত সুনামের পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে।
একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে বৈশ্বিক আয়োজনে বক্তা হিসেবে অংশ নেওয়া এবং পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে মাসরুর আরেফিনের বিদেশ সফর নিয়েও বিবৃতিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সফরটি পূর্বনির্ধারিত ও অনুমোদিত ছিল। এ সফরকে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত ও অন্যায়।
সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে অনুসন্ধান শুরুর জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়।
বিবৃতিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।
জেবি




