তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। সুকুক থেকে বিনিয়োগকারীরা ছয় মাসে ভাড়া বাবদ ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যু করা হবে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রস্তাব ও শরিয়াহ যোগ্যতা ব্যবস্থাপনা বিভাগের অধীন গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়েছে।
প্রসপেক্টাস অনুযায়ী, নিলামের মাধ্যমে তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের এ সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিনের জন্য ভাড়া বাবদ মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা পাবেন। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এ অর্থ এককালীন পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ড বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এ নিলামে অংশ নিতে পারবে।
নিলামে অংশ নিতে বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক কেনার জন্য আবেদন করতে পারবেন। ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শরিয়াহ সিকিউরিটিজ মডিউলে (এসএসএম) নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে হবে।
নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে জানা যাবে।
টিএই/এএস




