সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

৮ বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহকের দাবি পরিশোধ: সংসদে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

৮ বীমা কোম্পানির ২২ হাজার গ্রাহকের দাবি পরিশোধ: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

সমস্যাগ্রস্ত আটটি বীমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ছয় লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে অন্যান্য বীমা কোম্পানিও বীমা দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহারের প্রশ্নের উত্তরে এ কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। 

প্রশ্নোত্তর পর্বে মোসা. নাজমুন নাহার জানতে চান, যেই সকল জীবন বীমা কোম্পানী দেশের নিরীহ গ্রাহকদের সঙ্গে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে প্রতারণা করে- তাহাদের মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করছে না, সেই সকল চিহ্নিত কোম্পানিগুলির লাইসেন্স বাতিলের পরিকল্পনা আছে কি না?

উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে রাষ্ট্রায়াত্ত সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনসহ লাইফ ও নন-লাইফ মোট ৮২টি বীমা কোম্পানি কার্যরত আছে। ইতোমধ্যে দুর্বল আর্থিক অবস্থাসম্পন্ন ও নিম্নমানের কার্যক্ষমতা সম্পন্ন ৮টি বীমা কোম্পানি বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যাগ্রস্ত ৮টি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন বীমাগ্রাহককে সর্বমোট ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ ধারাবাহিকতায় অন্যান্য বীমা কোম্পানিও বীমা দাবি পরিশোধের কার্যক্রম ত্বরান্বিত করেছে। ফলে বীমা দাবি নিষ্পত্তি বর্তমানে ইপ্সিত লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে। কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং পলিসিধারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে। কারণ, লাইসেন্স বাতিল হলেও বীমাগ্রাহকদের প্রতি কোম্পানির বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয় না। তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এমএইচএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর