রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ
ইনভেস্ট বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। নতুন এ কার্যালয়ের মাধ্যমে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়ে সরাসরি সহায়তা পাবেন।

রোববার (১৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের উদ্যোগটি চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ। গুয়াংজু কার্যালয়কে চীনা বিনিয়োগকারীদের জন্য স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখান থেকে সম্ভাব্য বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় নীতিমালা ও বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সহায়তা পাবেন।

ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়াই তাদের লক্ষ্য। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের এ কার্যালয়ে যুক্ত করা হয়েছে। তারা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে শুরু করে বাস্তবে বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার পুরো প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।

গুয়াংজু প্রতিনিধি কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন মে ঝৌ এবং ইয়াং ওয়েনচুয়াং। মে ঝৌ কার্যালয়টির চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ইয়াং ওয়েনচুয়াং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন।

আরও পড়ুন

বিনিয়োগ উন্নয়নে বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

প্লাস্টিক-সিরামিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী কুয়েতের উদ্যোক্তারা

মে ঝৌর চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ইয়াং ওয়েনচুয়াংয়েরও দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পাশাপাশি চীনের একজন আইনজীবী হিসেবেও তার যোগ্যতা রয়েছে। বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদারে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। বিনিয়োগবিষয়ক রোডশো, ব্যবসায়িক ফোরাম এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে। নতুন কার্যালয় এসব উদ্যোগকে আরও গতিশীল করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পাশাপাশি তাদের বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে ইনভেস্ট বাংলাদেশের।

বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) অন্যতম প্রধান উৎস চীন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল দেশটি। ওই বছর চীন থেকে বাংলাদেশে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট বিনিয়োগ এসেছে, যা দেশের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পনগরী গুয়াংজুতে সরাসরি প্রতিনিধি কার্যালয় চালুর ফলে দুই দেশের বিনিয়োগ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহায়তা পাওয়ার প্রক্রিয়াও সহজ হবে।

এএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর