শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

অতীতে মনগড়া উপাত্তে ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে জিডিপি প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

অতীতে মনগড়া উপাত্তে ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে জিডিপি প্রবৃদ্ধি
সংগৃহীত ছবি

রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। এ জন্য সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে অর্থনীতির প্রকৃত চিত্রের পরিবর্তে প্রবৃদ্ধির অতিরঞ্জিত হিসাব উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের সম্মেলন কক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিবিএসের জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহারযোগ্যতা এবং উপাত্তের সহজলভ্যতা নিশ্চিত করতে গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিশেষজ্ঞদের পর্যালোচনায় ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। সেই সুযোগ কাজে লাগানো হয়েছে।

তিতুমীর বলেন, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় বিকৃতির সুযোগ কম ছিল। কিন্তু পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পর্যালোচনার কাজ সম্পন্ন করেছেন।

অর্থ উপদেষ্টা বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।

বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

কমিটির পর্যালোচনায় দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা দাঁড়ায় ৭ দশমিক ৩৯ শতাংশে। দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে এ তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রবৃদ্ধি বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ অবদান উৎপাদনশিল্পের। এ খাতের অবদান ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। তবে তৈরি পোশাক খাতের গড় প্রবৃদ্ধি ১৩ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬৯ শতাংশে নামলেও উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধি বেড়েছে। বিশেষ করে সিমেন্ট, টেক্সটাইল, পরিবহন সরঞ্জাম ও ইলেকট্রনিকস খাতের হিসাবে অস্বাভাবিকতা পাওয়া গেছে।

প্রতিবেদনে শিল্প উৎপাদনের তথ্য সংগ্রহ ও সংকলন পদ্ধতির দুর্বলতাও তুলে ধরা হয়েছে। কিছু ক্ষেত্রে একটি বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের তথ্যের ওপর নির্ভর করে পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে। পেট্রোলিয়াম পরিশোধন খাতে ২০১৫-১৬ অর্থবছরে ৮৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর পরের বছর তা ঋণাত্মক ৫০ দশমিক ৩ শতাংশ দেখানো হয়। জাহাজ নির্মাণ খাতেও ২০১৪-১৫ অর্থবছরে ২৪২ দশমিক ৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল।

জিডিপি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কারের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। এ জন্য বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বাধীনতা বাড়ানো, তথ্য সংগ্রহ ও যাচাইয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। এ সময় কমিটির আরেক সদস্য ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. আতনু রব্বানী উপস্থিত ছিলেন।

এএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর