শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাপানে যাচ্ছিল ১০ প্রপেলার, রাজস্ব ফাঁকি ১.৭১ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

জাপানে যাচ্ছিল ১০ প্রপেলার, রাজস্ব ফাঁকি ১.৭১ কোটি
জাতীয় রাজস্ব বোর্ড / সংগৃহীত ছবি

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রফতানির কথা থাকলেও চালানে পাওয়া গেছে সম্পূর্ণ ভিন্ন পণ্য। বাছাইকৃত তামা রফতানির ঘোষণা দিয়ে জাপানে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল জাহাজের কাটা ১০টি প্রপেলার। চট্টগ্রাম কাস্টমস হাউসের অভিযানে এ জালিয়াতির চেষ্টা উদ্ঘাটিত হয়েছে। এতে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা শনাক্ত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে গোল্ডেন কনটেইনার লিমিটেড নামে একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রতিরোধ দল। এ সময় রফতানির জন্য প্রস্তুত একটি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এ পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা যায়, রফতানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড চালানটিতে পণ্য হিসেবে বাছাইকৃত তামা (সর্টেড কপার) ঘোষণা দিয়েছে। কিন্তু কনটেইনার খুলে পাওয়া যায় ঘোষণা-বহির্ভূত জাহাজের কাটা ১০টি প্রপেলার। চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। পণ্যগুলো জাপানে রফতানির জন্য প্রস্তুত করা হয়েছিল।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন পারমিশনের (ইউপি) বিপরীতে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করে। এসব কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত বাছাইকৃত তামা রফতানির ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

তবে বাস্তবে ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা জাহাজের প্রপেলার রফতানির চেষ্টা করা হয়। অর্থাৎ, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রফতানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, এ ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর