দেশের বাজারে টানা দুই দফায় বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ দফায় এক লাফে ভরিতে তিন হাজার ৩২৪ টাকা টাকা বাড়ায় ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। মজুরিসহ ক্রেতাদের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে আরও বেশি টাকা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর দেড়টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষিত নতুন এই দামে দেশের বাজারে আজও (৫ নভেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম তিন হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম তিন হাজার ১৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে, গত ২ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম তিন হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম তিনি হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দুই হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা। গতকাল দুপুর ১টা ৪৪ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হয়।
ফলে টানা দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ল ছয় হাজার ৫৯০ টাকা।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার বিক্রি হচ্ছে তিন হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনা দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনা দুই হাজার ২১৬ টাকা বিক্রি করা হচ্ছে।
এসআই




