বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যাংকে রাখার সুযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

শেয়ার করুন:

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যাংকে রাখার সুযোগ
ফাইল ছবি

এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা নিজেদের কাছে থাকা নগদ ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা ব্যাংকে জমা রাখতে পারবেন। এ জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে বিশেষ হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে নগদ বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রাখা ও এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ঝুঁকি কমবে।

বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

নতুন নিয়মে মানি চেঞ্জাররা ব্যাংকে যে বিশেষ হিসাব খুলবেন, সেটি শুধু বৈদেশিক মুদ্রার নোট জমা রাখা ও প্রয়োজনমতো তুলে নেওয়ার কাজে ব্যবহার করা যাবে। তবে এসব হিসাবে জমা রাখা অর্থের বিপরীতে কোনো সুদ পাওয়া যাবে না।

হিসাব থেকে টাকা তুলতে পারবেন মানি চেঞ্জারের অনুমোদিত প্রতিনিধিরা। এ জন্য চেক বা উত্তোলন স্লিপ ব্যবহার করতে হবে। তবে হিসাবে যত বৈদেশিক মুদ্রা জমা থাকবে, তার বেশি তোলা যাবে না। এসব হিসাবের বিপরীতে ব্যাংক থেকে ঋণ নেওয়া বা জমার অতিরিক্ত অর্থ তোলারও সুযোগ থাকবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই হিসাব ব্যবহার করে অন্য কারও কাছে অর্থ পাঠানো বা প্রবাসী আয় পাঠানো যাবে না। অর্থাৎ, হিসাবটি শুধু নগদ বৈদেশিক মুদ্রা জমা রাখা ও তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সব লেনদেন করতে হবে বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে।

নগদ বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রেও নিরাপত্তার নিয়ম বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মানি চেঞ্জারদের অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা থাকতে হবে। ব্যাংকের নির্ধারিত সীমার বেশি অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হলে অনুমোদিত নিরাপত্তা পরিবহন প্রতিষ্ঠান অথবা নিরাপত্তাকর্মীসহ নিরাপদ যানবাহন ব্যবহার করতে হবে।

এ ছাড়া দিনের শেষ সময়ে মানি চেঞ্জাররা যাতে ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা দিতে পারেন, সে জন্য এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা জমা হলে সংশ্লিষ্ট মানি চেঞ্জারের ব্যবসার ধরন ও লেনদেনের পরিমাণের হিসাব সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মানি চেঞ্জারদের হাতে থাকা নগদ ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রা আর সব সময় নিজেদের কাছে রাখতে হবে না। প্রয়োজন অনুযায়ী ব্যাংকে জমা রাখার সুযোগ পাবেন তারা। এতে নগদ অর্থ চুরি, ছিনতাই বা পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেনের ওপর নজরদারিও সহজ হবে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর