বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর অনুমোদন, পুঁজিবাজারে গতি ফেরার আশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর অনুমোদন, পুঁজিবাজারে গতি ফেরার আশা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের আওতায় আসার পাশাপাশি পুঁজিবাজারে তারল্য ও লেনদেনের পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক ও ব্যবসায়িক সংকটে থাকা মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিও হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

ডিবিএ জানায়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এসব হিসাব দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন।

এ পরিস্থিতিতে গত ২০ জুলাই বিএসইসি চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ডিবিএর আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করে বন্ধ হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সংগঠনটির বিশ্বাস, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় কেনাবেচার সুযোগ তৈরি হবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়বে, লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিবিএ মনে করে, এ সিদ্ধান্তের সুফল বিশেষভাবে পাবেন মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিও হিসাবে শেয়ার লেনদেনের সুযোগ তৈরি হলে এসব প্রতিষ্ঠানের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার পথ সহজ হবে। এতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতেও সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ডিবিএ। অতীতের মতো ভবিষ্যতেও পুঁজিবাজারের স্বার্থে প্রয়োজনীয় ভূমিকা রাখবে সংগঠনটি।

তবে বন্ধ হিসাবগুলো পুনরায় চালুর সিদ্ধান্তের বাস্তব সুফল কতটা পাওয়া যাবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট শেয়ারগুলোর লেনদেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বাজারের সামগ্রিক পরিস্থিতির ওপর।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর